পৃথিবীতে সবশেষ সুন্দর শিশুটি জন্ম হওয়ার পরেও ভবিষ্যৎ মায়েরা নিজ কোলে একটি শিশুর বেড়ে ওঠার স্বপ্ন দেখবে। শুধু বন্ধ্যা-রাই পিছিয়ে যায়__
যে মানুষ ক্ষুধার্ত সে ভয়ংকর, যে মানুষ ভরা পেটে ক্ষুধার্ত — সে মানুষ অতীব ভয়ংকর।
সন্ধ্যার রক্তিম সূর্য কি সত্যি? না সত্যি প্রদীপের আলো? পাখিদের ঘরে ফেরা সত্যি হয়, আর সত্যি আগামী রাত্রি।
কিছু কথা বলা হয় না, থেকে যায় মনের অন্তরালে। কিছু কথা প্রতিবাদী — দেশ ভাবে তুমি দেশদ্রোহী। কিছু, কথার কথা।
বৃষ্টিতে ভালোবাসা ধুয়ে ফেলিনা বৃষ্টির ভালোবাসা মাখার চেষ্টা করি।
সোনার হরিণের খুঁজে প্রিয়তমাকে হারাতে চাইনা। প্রিয়তমার রোপণ করা সোনালী ধান ক্ষেত আমার কাছে অত্যন্ত প্রিয়।
যে গাছের ফুল লাগেনা পুজোয়, কিংবা প্রেমিকার খোঁপায় — সেই গাছ কি অভিশাপে বাঁচে! কিংবা অভিশাপ তাকে বাঁচিয়ে রাখে গুছিয়ে একটু আড়ালে।
তোমার আঘাতে আমি ভঙ্গুর হয়েছিলাম বলেই, আজ প্রতিটি ফাটলের মধ্য দিয়ে জল, আলো, বাতাস চলাচল করে। আমি প্রস্তুত হচ্ছি বীজ রোপণে— একদিন সবুজে সবুজে ভরে যাবে জীবনক্ষেত্র।
আজ প্রভাতের সোনালী আলোয় কবিতারা খেলায় মেতে ছিল। সবে মাত্র ওদের সাথে আড্ডা জমিয়েছি, ডাক এলো দিনযাপনের আয়োজন সংগ্রহের।
সাবধানে পা ফেলে হাঁটো। দেখছো না—এক ধারে সব কিছু মেনে নেওয়া মানুষের ভিড়, অন্য ধারে লাঠি-তরোয়াল, ঝান্ডা ও ধর্মের দেওয়াললিখন। কবি, একটু পা ফেলে হাঁটো।
দুঃখী ডিঙ্গি নিয়ে পাড়ি জমিয়েছি তোমার অতল সমুদ্রে। জানি, প্রেমের সেই তীরে আমার পৌঁছানো হবে না। তবুও এটা একটা নেশা। যদি পারো, তোমার সমুদ্রকে বলে দিও একটু শান্ত থাকতে। গোধূলির শেষ আলোয় আমি বাড়ি ফিরতে চাই আমার মায়ের শান্ত আরব সাগরে। তার তীরে প্রতিদিন স্নেহের আতর মাখা আমার অভ্যাস।
যেদিন প্রেমিকার চোখের দিকে তাকিয়ে বলার সাহস হলো না—"আমি তোমায় ভালোবাসি", কিন্তু শয়তানের বিরুদ্ধে জন্ম নিল প্রতিবাদের শব্দ। সেদিন আমি লিখতে শুরু করলাম।
কলম ধরতে ধরতে লেখক হওয়ার দিকে পা বাড়াচ্ছি। না হলে লাঠিয়াল হতাম, নয়তো পরবশ বুলেট!
এই যে সুন্দর মুখমণ্ডল, মসৃণ উজ্জ্বল ত্বক, উন্নত বক্ষ যুগল— এই সৌন্দর্য তোমার নয়, তোমার বয়সের। কীটেরাও তো উড়ে বসে উজ্জ্বল ফুলে। কিছু মুহূর্তের জন্য বৃদ্ধা হও, প্রেমিককে বল—"ভালবাসি"। প্রেমিকের চোখে খুঁজে দেখো তার অভিব্যক্তি।
তোর চাহনিতে কতো বার পুড়ে নিভেছে এই শ্মশান। একবার বৃষ্টি হয়ে সিক্ত কর এই মড়া শ্মশান, এই মড়া কাঠ। হয়তো এর মধ্যেই বেঁচে আছে সবুজ, একটা রক্তগোলাপ—তোর জন্য।
উত্তরে হাওয়া যাবে চলে, ওরা ফিরবে ভালোবেসে নিজেদের ঘর। কেউ জানবে না— একজন ভালোবেসে বসে আছে মরা ডালে, ভালোবেসে ছিল সে উত্তরের হাওয়ায়।